রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি একই সঙ্গে দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে।
বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনা হয়েছে।
‘রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প : ভূমি অধিগ্রহণ ও পরিবেশগত প্রভাব সমীক্ষায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।
টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ হোসেন গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প দু’টিতে পরিবেশগত প্রভাব সমীক্ষা সম্পাদনে বিভিন্ন অনিয়ম ও জমি অধিগ্রহণে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়েছে বলে জানায় টিআইবি।
টিআইবি বলেছে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জাইকার ঋণের নামে জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দ দিচ্ছে যা এক প্রকার প্রতারণা। কারণ এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয়ার কথা।
এ বিষয়ে টিআইবির কাছে দালিলিক কোনো প্রমাণ আছে কি না- সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত হয়েই বলছি’।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, রামপাল এবং মাতারবাড়ি প্রকল্প এলাকার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী তাদের ক্ষতিপূরণের টাকা উত্তোলনের প্রতিটি স্তরেই অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে। প্রতিটি ফাইল ছাড়ে ৩-১০ শতাংশ পর্যন্ত অগ্রীম ঘুষ প্রদান করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকল্প দুটি বাস্তবায়নে পরিবেশ রক্ষা ও মানুষের আর্থসামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেয়া হয়নি। পরিবেশগত প্রভাব সমীক্ষা সম্পাদনে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এক্ষেত্রে স্বয়ং পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ বিধিমালার তোয়াক্কা করেনি। তারা নিয়ম বহির্ভূতভাবে পরিবেশ ছাড়পত্র দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইন অনুযায়ী শিল্প এলাকা বা শিল্পসমৃদ্ধ এলাকা বা ফাঁকা জায়গা ছাড়া এ ধরনের প্রকল্পের ছাড়পত্র দেয়ার নিয়ম নেই।
টিআইবি অভিযোগ করে, দুটি প্রকল্পের তথ্য উন্মুক্ত করা বা স্বতঃপ্রণোদিত তথ্য প্রদানের কোনো ব্যবস্থা ছিল না, এমনকি এখনো নেই।
ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।
জেএ





