দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তার মন্ত্রণালয়ে প্রচুর খাদ্য মজুদ আছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্থ কোনো পরিবার ত্রাণবঞ্চিত হবে না।
আজ (শনিবার) নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত “ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে আক্রান্ত জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি ও পূনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি”র সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকায় না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি তাদের ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখে নির্দিষ্টকরণের জন্য নির্দেশ দেন।
তিনি বলেন, জেলা প্রশাসককের চাহিদা অনুযায়ী সব ধরনের ত্রাণ পাঠানো হবে। তিনি নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ৩ বান্ডেল টিন ও তৈরি খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৯ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে তিনি কোম্পানীগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।
এসএম





