ঝিনাইদহ-৩ আসনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাসায় বাসায় রাতভর পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযানে পুলিশ ৭৯ জনকে আটক করা হয়েছে। 

বুধবার রাত থেকে আজ (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান ঝিনাইদহে জামায়াতের ১৯ নেতাকর্মীসহ ৭৯ জনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা) আসনে রাতভর বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি-গ্রেফতার করে রাতের ঘুম হারাম করেছে পুলিশ। তিনি বলেন, তফসিল ঘোষনার পর থেকে নতুন নতুন মামলা দিয়ে গণগ্রেফতারের মধ্যদিয়ে নৌকার প্রচারণা চালাচ্ছে আওআমী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। অন্যদিকে ধানের শীষের প্রার্থীদের প্রচারণা করতে দিচ্ছে না আওয়ামী বাহিনী।   

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিল বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর থেকে ২১ জন, শৈলকুপায় ১২, হরিণাকুণ্ডে ৩, কালীগঞ্জে ৮, কোটচাঁদপুরে ৭ জামায়াতসহ ৯, মহেশপুরে ১২ জামায়াতসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার বরাতে স্থানীয় সংবাদদাতা জানান, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমানের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি বিএনপির প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করছেন।  

পুলিশ বলছে, গতকাল(বুধবার) ভোররাতে ঢাকার রায়েরবাজারে মেয়ের বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করা হয়। তবে, নাজমাকে গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি পুলিশ। 

এমই/এমবি