রাজধানীর শ্যামপুরে ডাকাতির সময় বাসার মালিক ও তার স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে।এ সময় ডাকাতরা ঘরের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।বুধবার রাত ৩টার দিকে ফরিদাবাদ-হরিচরণ রোডে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে ফরিদাবাদ-হরিচরণ রোডের ৩৬/১ নম্বর বাসায় চারজন ডাকাত দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার মালিক হারুন-অর রশিদের (৪৫) পেটে ছুরিকাঘাত করে ডাকাতরা। তার স্ত্রী সেলিনা আক্তার ডলি এগিয়ে আসলে তার হাতেও ছুরিকাঘাত করে তারা।
সেলিনা আক্তারের প্রতিবেশী (সম্পর্কে ভাবি) লাকি আক্তার জানান, হারন-অর রশিদ শ্যামপুরের একটি স্টিল মিলে চাকরি করেন। প্রায় রাত ৩টার দিকে চিৎকার শুনে তারা এসে দেখেন দুইজন আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইআর





