কক্সবাজারের পেকুয়ায় গতকাল মঙ্গলবার গভীর রাতে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত দেলোয়ার হোসেন (৬৫) পেকুয়ার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার মৃত আশরাফ আলীর ছেলে এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাত দিয়ে ওসি মোস্তাফিজ বলেন, রাজাখালী ইউনিয়নের পাশে মগনামা ইউনিয়নের শরৎঘোনার লবণ মাঠ এলাকায় মঙ্গলবার গভীর রাতে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত পিকনিকে দেলোয়ার হোসেন অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।

রাত দেড়টায় তাকে কুপিয়ে ফেলে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে পুলিশ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

তিনি জানান, পরে দেলোয়ার হোসেনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে পেকুয়া সদর স্টেশনে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের ৪টি আঘাত রয়েছে। কারা কোন কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে পুলিশ হত্যা ঘটনার রহস্য খতিয়ে দেখছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমকে