রাঙ্গামাটির লংগদুতে দুর্বৃত্তের গুলিতে বিনয় চাকমা ওরফে জংগলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দজরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
বিনয় চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএম লারমা) সাবেক কর্মী ছিলেন বলে দাবি করেছে সংগঠনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জংগলী বছর খানেক আগেই রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস (এমএম লারমা)। তবে ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।
জেএসএসের (এমএম লারমা) সহ-সম্পাদক প্রশান্ত চাকমা বলেন, লংগদুতে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সে আমাদের দলের সাবেক কর্মী। এ ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এ ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে বলেন, ‘এটা তাদের নিজেদের মধ্যে কিংবা এলাকার ঝামেলাও হতে পারে।'
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।
জেড





