ঢাকায় আগামী ৮-১০ জুলাই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৩০৭টি প্রস্তাব আসতে পারে।
রোববার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সম্মেলনের কার্যসূচি সাংবাদিকদের জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট ২৪টি অধিবেশন এবং ২০টি কার্য-অধিবেশন হবে। এতে ৩৮টি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় অংশগ্রহণ করবে। তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে ৬টি, দ্বিতীয় দিবসে ৮টি এবং তৃতীয় দিবসে ১০টি অধিবেশন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কাজের অভিজ্ঞতার আলোকে জেলা প্রশাসকেরা উন্নয়ন প্রস্তাব করেন। সম্মেলনে সেগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।
এ ছাড়া সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনা হয়। আর্থিক, আইনগত বা অন্য যেকোনো সমস্যার বিষয়ে জেলা প্রশাসকগণ মন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের জানান।
জেলা প্রশাসক সম্মেলন-২০১৩ এ নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ৯২ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





