পাথরঘাটা পৌরসভার লাইসেন্স পরিদর্শকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, ধারণা করা হচ্ছে পেট্রলবোমায় আগুনের ঘটনা ঘটে।

কার্যালয় সংশ্লিষ্টরা জানায়, পাথরঘাটা পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায়ের কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই কক্ষে থাকা পৌরসভার শুরু (১৯৯১ সাল) থেকে এ পর্যন্ত সব ধরনের লাইসেন্সের কাগজপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া, ওই কক্ষে টেবিল, চেয়ার ও স্টিলের আলমারি পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইউব জানান, রাতে লাইসেন্স পরিদর্শকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায় বলেন, আগুন নেভানোর পর অফিস কক্ষে একটি কাঁচের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অফিস কক্ষে কেউ পেট্রোলবোমা নিক্ষেপ করে থাকতে পারে।

এএইচ