প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে তরুণীকে ছুরিকাঘাতের অভিযোগে মালয়েশিয়ায় সাইদুল নামে এক প্রবাসী বাংলাদেশিকে ২০ বছরের জেল দিয়েছে দেশটির আদালত।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার আদালতে তাকে হাজির করা হয়। মালয়েশিয়ান তরুণীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয় বাংলাদেশি সাইদুল। আহত নারীর বয়স ২৪ বছর।
দীর্ঘদিন ধরে ওই বাংলাদেশি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বারংবার ওই নারীর সঙ্গে অশোভন আচরণ করতো সাইদুল।
এই ঘটনার পর থেকে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ বিরোধী ব্যাপক ঝড় ওঠে। বাংলাদেশিদের ভিসা বাতিলসহ নতুন করে যাতে বাংলাদেশিদের মালয়েশিয়ায় কাজের সুযোগ না দেয়া হয় তার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সে দেশের নাগরিকরা।
এমবি





