নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বাজারে অপহরণ করতে গিয়ে এয়াছিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত এয়াছিন সাহাপুর গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে এয়াছিন একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে সাহাপুর বাজারে আসেন। পরে মো. বাবু নামে এক যুবকে তুলে নেয়ার চেষ্টা করলে বাজারের লোকজন এয়াছিনকে ধরে স্থানীয় সাহাপুর উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, এয়াছিন সাহাপুর বাজার থেকে এক ছেলেকে সিএনজিতে তুলে নেয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।

ওসি আরো জানান, নিহত এয়াছিন চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের কয়েকটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
জেড