ঈদের যাত্রার শেষ দিনে (০১ সেপ্টেম্বর) সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয়।সকাল থেকেই দেখা যায় মানুষ এবং যানের প্রচন্ড ভিড়।
বিভিন্ন কর্মব্যস্ততার কারণে ঈদ যাত্রার শুরুতে যারা বাড়ি ফিরতে পারেননি তারা আজ ভিড় জমাচ্ছেন টার্মিনালে। ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে ভিড় কাটিয়ে নিজ গন্তব্যের উদ্দেশে বাসে উঠছেন তারা। সকাল থেকেই শুরু হয় বাসে ওঠার যুদ্ধ।
তবে, টার্মিনাল থেকে বাস বের হতে বেশ সময় লাগছে। প্রত্যেকে অাগে যাওয়ার চেষ্টায় কেউই অাগে যেতে পারছেন না। তাই টার্মিনাল এলাকায় সকাল থেকেই দেখা দেয় তিব্র জানজট।
সায়দাবাদ টার্মিনালে পরিবহন কর্তৃপক্ষরাও বলছেন টার্মিনালে ঈদ যাত্রার এখন শেষ চাপ চলছে। দুপুর নাগাত এই চাপ শেষ হয়ে প্রায় ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সকালের চাপটা সামলাতে সবাই হিমশিম খাচ্ছে।
শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা কর্মস্থল থেকে ছুটি পেতে বিলম্ব হয়েছে এমন যাত্রীর সংখ্যাই বেশি। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী, রিকশাচালক এবং বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁয় কর্মরত শ্রমিকরা।
যাত্রীদের নিজ গন্তব্য পৌছে দেওয়ার জন্য সায়দাবাদ বাস টার্মিনালে পরিবহন সংখ্যাও রয়েছে যথেষ্ট। তাই সায়দাবাদ থেকে ঈদ ফেরা যাত্রা মোটামুটি স্বাচ্ছন্দেই হচ্ছে। তবে সায়দাবাদ টার্মিনালে দূরবর্তী রাস্তার যাত্রীদের সংখ্যা কম। লংরোডের যাত্রীরা ইতি মধ্যেই ঢাকা ছেড়েছেন, কিন্তু রাজধানীতে অল্প দূরত্বের গন্তব্যগুলোর যাত্রী সংখ্যা অনেক অনেক বেশি।
মো. সুমন মিয়া রাজধানীর একটি বায়িং হাউজে চাকরি করেন। দেরিতে ছুটি হওয়ায় ঈদ যাত্রার শেষ দিনে বাড়ি যাচ্ছেন।দেরিতে ছুটি পেলেও এখন বাড়ি যেতে পেরে অনেক ভালো লাগছে। বাসের টিকিটও পেয়েছি। মহাসড়কে কোনো ধরনের যানজট না থাকলে মাত্র এক ঘণ্টায় দাউদকান্দি পৌছাবো।
সুমাইয়া বেগম গার্মেন্টসে চাকরি করায় ছুটি পেয়েছেন ঈদ যাত্রার শেষ দিনে। তিনি বলেন, আমরা প্রতি বছর দেরিতে ছুটি পাই বলে দেরিতে বাড়ি যাই। তবে শেষ সময়ে এসেও বাড়ি যেতে পেরে অনেক খুশি।
পরিবহন কর্তপক্ষ বলছেন শেষ দিনের ঈদ যাত্রায় যাত্রীদের কোনো ভোগান্তি পোহাতে হবে না। পর্যাপ্ত পরিমানে পরিবহন টিকিট রয়েছে। যাত্রীরা টার্মিনালে এসে টিকিট কেটে সরাসরি গাড়িতে উঠে যেতে পারছেন। শেষ দিনের ঘরমুখো মানুষের যাত্রা দুপুরে শেষ হয়ে গেলেও রাতের দিকে কিছু যাত্রীদের আনাগোনা থাকতে পারে সায়দাবাদে।
সায়দাবাদে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে ডেমরা জোনের এসি ট্রাফিক আকবর বলেন, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ভোগান্তিহীন ভাবেই যাত্রীরা ঘরে ফিরছেন। আশা করা যায় এই ধারাবাহিতা শেষ দিনেও থাকবে। বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক ব্যবস্থা আমাদের কন্ট্রোলে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা সতর্ক আছি।
এএইচ





