নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজার বাসা থেকে পিস্তল-গুলি চুরির মামলায় বিল্লাল ও জনিকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তদন্তকারী অফিসার গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন। এর আগে শুক্র ও শনিবার তাদের রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, গত ৭ অক্টোবর আদমজীর কদমতলী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তার মধ্যে নাজিমউদ্দিন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। বিল্লাল ও জনিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে খোয়া যাওয়া অস্ত্র ও গুলি এখনো উদ্ধার হয়নি।

সিদ্ধিরগঞ্জে কদমতলী এলাকার মোক্তার ভেন্ডারের বাড়িতে ভাড়া থাকেন এসআই আমির হামজা। ১৪ সেপ্টেম্বর সকাল ৮টায় তিনি বাসা থেকে বের হয়ে ডিউটিতে যান। ভুলে তখন অস্ত্র নিয়ে যাননি। পরে দুপুর ২টার দিকে বাসায় এসে দেখেন দরজার তালা ভাঙা। আর ঘরে রাখা নাইন এমএম পিস্তল ও ১৬ রাউন্ড গুলি খোয়া গেছে।

কেএইচ