চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় ন্যাংটা ফকিরসহ জোড়া খুনের হত্যা রহস্য উদ্ঘাটন করেছে নগর গোয়েন্দা পুলিশ।

নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার পাঁচ জঙ্গির মধ্যে মো. সুজন প্রকাশ বাবু ন্যাংটা ফকির হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং অন্য আলামত জব্দ করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর ও দক্ষিণ) বাবুল আক্তার জানান, গত ৪ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকায় ল্যাংটা ফকির ও তার খাদেম আব্দুল কাদেরকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খুন করে। ঘটনার পর নিহতের ভাই নুরুল ইসলাম বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সিএমপির পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলের নির্দেশে ওই জোড়া খুনের ঘটনাটি মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে আসছিল। এর ধারাবাহিকতায় সোমবার রাতে গ্রেফতার পাঁচ জঙ্গি সদস্যদের জিজ্ঞাসাবাদে মো. সুজন প্রকাশ বাবু (২৫) জোড়া খুন করেছে বলে স্বীকার করেন।

সুজনের বাবার নাম মো. মুমিনুল ইসলাম। ঝিনাইদহের কোটচাঁদপুর থানার হরিনদিয়া গ্রামে তাদের বাড়ি। তিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন।

পরে বাবুর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বায়েজিদ বোস্তামি থানাধীন বক্সনগরে হক টাওয়ারের ২য় তলা থেকে ঘটনার দিন তার পরিহিত প্যান্ট, গেঞ্জি এবং ঘটনাস্থলের পার্শ্ববর্তী ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়।

কেএইচ