টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে সদর ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে এসব গ্রামের কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও খেতের ফসল।
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মুহুরী নদীর ডান তীরে দৌলতপুরের সেকান্দর মাস্টার বাড়ি সংলগ্ন বাঁধ ভেঙে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, সাহাপাড়া, ঘনিয়ামোড়া, বরইয়া ও বসন্তপুর গ্রাম প্লাবিত হয়।
এদিকে, বন্যাদুর্গত মানুষের জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের নির্দেশে বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে এ চাল বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।
স্থানীয় কৃষক আবুল হোসেন জানান, গত বছরের বন্যায় মুহুরী নদীর বাঁধ যে জায়গায় ভেঙেছিল, পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও এবারো একই জায়গায় বাঁধ ভেঙে গেছে।
উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে তার এলাকা বারবার ক্ষতির মুখে পড়ছে। কয়েকবার বাঁধ নির্মাণ করা হলেও তা নিম্নমানের হওয়ায় বন্যা হলেই প্রতিবারের মত বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রাম।
পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম বলেন, কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শনে গেছেন। পরিস্থিতি জানার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, বন্যার্তদের সব ধরনের সাহায্য-সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছেন।
ওএফ





