লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের (৩০) ওপর হামলা চালিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।
উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের মিজি বাড়ি এলাকায় সোমবার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ইসমাইল চর জাঙ্গালীয়া গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রায়হান উদ্দিন জানান, ইসমাইল লরেন্স বাজার থেকে বাড়ি ফেরার পথে মিজিবাড়ি এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, গ্রাম পুলিশ ইসমাইল মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি পড়ে আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জেডআই





