হবিগঞ্জ শহর ও বানিয়াচংয়ে পৃথক সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের শায়েস্তানগর মোকামবাড়ী এলাকার আবিদ উল্লাহর ছেলে আদম আলী ও আব্দুর নূরের মধ্যে বাসার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আদম আলী ও আব্দুর মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত রায়হান মিয়া, মিনু আক্তার, আদম আলী, আব্দুর নূর, সারোয়ারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্নস্থানে চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের আবুল হোসেনের ছেলে সেলু মিয়া ও মলাই মিয়ার ছেলে সজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
সেলু মিয়ার লোকজন বিরোধপূর্ণ জায়গাটি দখল করতে গেলে সজল মিয়ার লোকজন বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
আহতদের মধ্যে এমরান মিয়া, আলেয়া বেগম, রহিমা বেগম, মুকবুল মিয়া, ছবিল মিয়া, মগল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় টেটাবিদ্ধ সেলু মিয়াকে সিলেট এমজি ওসমানি মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার এসআই আবদুল মজিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কেএইচ





