রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়া শিয়া মসজিদের ঢাল থেকে ইউনুস খান (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা আড়াইটার দিকে ইউনুসের কম্বল পেচাঁনো লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নাখালপাড়া শিয়া মসজিদের ঢাল এলাকার একটি ময়লার স্তুপ থেকে কম্বল পেচাঁনো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ছিল ফুল প্যান্ট ও হাফ শার্ট। প্যান্টের পকেটে থাকা মোবাইল বের করে কল দিলে নিহতের বাবা ছুটে এসে লাশ সনাক্ত করেন।
সাইফুর রহমান জানান, যে ব্যক্তির লাশ পাওয়া গেছে তার নাম ইউনুস খান।
তিনি আরো জানান, কে বা কারা ইউনুসকে হত্যা করে এভাবে ফেলে রেখেছেন। হত্যাকারীদের ধরতে এরই মধ্যে শক্তিশালী সোর্স নিয়োগ করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক মাঠে নেমেছেন। আর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
জেএ





