টাঙ্গাইলের দেলদুয়ারে বাবুর আলী (৩৮) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেলদুয়ার সদরের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

দেলদুয়ার থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কোনো সূত্র পায়নি পুলিশ। নিহত বাবুর আলী দেলদুয়ার দক্ষিণ পাড়ার মৃত সানু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাবুর বেড়াতে বের হয়। সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা বাড়ির পাশেই বাবুর আলীকে গলা কাটা অবস্থায় সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা তাকে খুন করেছে তা এখনো বলা যাচ্ছে না। পারিবারিক বা পারিপার্শিক কোন্দলের কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। এব্যাপারে এখনো মামলা না হলেও পুলিশ হত্যাকাণ্ডের সূত্র উদঘাটনের চেষ্টা করছে।

এমআইএস