জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। ওই নৌকায় ২৬টি গরুও ছিল। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে নৌকাটি ডুবে যায়। ১১ ঘণ্টা পরও আজ শনিবার সকাল আটটা পর্যন্ত উদ্ধারকাজ করতে দেখা যায়নি।
নৌকাডুবির পর গতকাল রাতে সাঁতরে তীরে উঠে আসেন গরু ব্যবসায়ী শাহজাহান মিয়া। তিনি বলেন, শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ২৬ জন গরু ব্যবসায়ী ও ২৬টি গরু ছিল। বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই আরেকটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে গরুবোঝাই নৌকাটি ডুবে যায়।
পিংনা গোপালগঞ্জ গরুর হাট কমিটি সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিংনা ঘাট থেকে নৌকায় ২৬টি গরু নিয়ে গরু ব্যবসায়ীরা টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসাড়া এলাকার দিকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে গরুবোঝাই নৌকাটি ডুবে যায়।
গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নৌকা উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে তিনি জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে। উদ্ধারকাজ শুরু করা হবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত পরিদর্শক (তদন্ত) তাওহীদুর রহমান আজ সকালে জানান, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এইচ ই





