প্রায় ১৬ ঘণ্টা পার হলেও ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় অন্তত ৪০০ যানবাহনের লাইন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় যানজটের সৃষ্টি হয়। রাত নাগাদ অন্তত ৫০০ গাড়ির জট তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১৩টি ফেরিতে করে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় পারাপারে দ্বিগুণ সময় লাগায় যানজট কমছে না।

শুক্রবার সকালে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। এর মধ্যে অধিকাংশই ট্রাক। তবে বাস ও অন্যান্য ছোট যান রয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আগে বাস ও ছোট যান পার করা হচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, পাটুরিয়া ঘাটে গাড়ির দীর্ঘ লাইন থাকলেও একে স্বাভাবিক অবস্থা বলে মনে করছে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

এমআইএস