ফেনসিডিলসহ রনজিত নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সিটি বাইপাস পশুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

রনজিত রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে রনজিত আরও দু’জন আরোহীসহ মোটরসাইকেলযোগে ওই স্থান অতিক্রম করছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর মোটরসাইকেল তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র জানায় ওয়ারলেস অপারেটর রনজিত মাদকসেবী। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বাসিন্দা।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশক্রমে রনজিতের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

জেএ