পাবনার সাঁথিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকে বাসচাপায় আরাফাত (১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় পাঁচজন আহত হন।
উপজেলার শহীদনগর গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আরাফাত একই গ্রামের মানিক হোসেনের ছেলে।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, বেড়া সিএনবি বাসস্ট্যান্ড থেকে মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল।
পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় এক বছরের শিশু আরাফাত ঘটনাস্থলেই নিহত এবং পাঁচজন আহত হন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বাসটিকে জব্দ করে পুলিশ।
এমকে





