ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা করে লাশ নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন স্বামী রফিকুল ইসলাম (৩০)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর শহরের মাধববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমুন্নাহার বেগম (২২)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর শহরের মাধববাড়ি এলাকায় অ্যাডভোকেট মো. শামীমের বাসায় ৫ তলায় ভাড়া থাকতেন ওই দম্পতি। স্বামী রফিকুল ইসলাম গার্মেন্টস কর্মকর্তা। ২/১ দিন আগে রফিকুল ইসলাম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর কাপড়ের ব্যাগের ভেতর লাশ রাখেন। পরে সকালে আসবাবপত্র নিয়ে পালানোর সময় জনতার সন্দেহ হয়। অতঃপর ব্যাগ তল্লাশি করে লাশ পাওয়া যায়।
সংবাদ পেয়ে পুলিশ লাশসহ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। রফিকুল ইসলাম বর্তমানে জয়দেবপুর থানা হাজতে রয়েছেন।
নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।
লাশ উদ্ধারকারী জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ সাহা বলেন, শ্বাসরোধ করে হত্যার পর জবাই করা হয়েছে। স্বামী আটক রয়েছেন।
কেএইচ





