নগরীতে চট্টগ্রাম বন্দরের কর্মচারী আবুল কাশেমের বাসায় দিনের বেলায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। অতিথিবেশে ওই বাসায় ঢুকে তিন ডাকাত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

নগরীর বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় হানিফ সওদাগরের বিল্ডিংয়ের নিচতলায় স্ত্রী ও মেয়ে নিয়ে চট্টগ্রাম বন্দরের সিনিয়র ক্লার্ক আবুল কাশেম থাকেন।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে ঘটনার সময় আবুল কাশেম ও তার স্ত্রী বাসায় ছিলেন না। চট্টগ্রাম কলেজে স্নাতক পড়ুয়া তার একমাত্র মেয়ে সিরাজুম মুনীরা বাসায় একা ছিলেন।

আবুল কাশেম জানান, বেলা সাড়ে ১২টার দিকে কলিং বেল টিপলে অতিথি মনে করে সিরাজুম মুনীরা দরজা খুলে দেন। এসময় তিন যুবক ঢুকে সিরাজুম মুনীরার হাত-পা বেঁধে ফেলে। বাধা দিলে সিরাজুম মুনীরার সঙ্গে তাদের ধ্বস্তাধস্তি হয়। তারা মুনীরাকে মারধরের পাশাপাশি মাথা বারবার দেয়ালের সঙ্গে আঘাত করে। এতে মারাত্মক আঘাত পেয়েছেন মুনীরা।

ডাকাতদল আবুল কাশেমের বাসার আলমিরা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার এবং একটি ল্যাপটপ নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

আবুল কাশেম আরো বলেন বাসায় ফিরে মেয়েকে হাত-পা বাঁধা অবস্থায় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারেন আবুল কাশেম। এরপর তাকে দ্রুত আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির বিষয়টি তিনি মৌখিকভাবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

বন্দর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, ডাকাতির অভিযোগ পেয়েছি। তাদের মামলা করতে বলেছি। মামালা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ