সরকার ঘোষিত দেশব্যাপী ‘কঠোর লকডাউনের’ সপ্তম দিন চলছে আজ (০৭ জুলাই) বুধবার।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

রাজধানী ঢাকার সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে। গত ৬ দিনের তুলনায় বুধবার সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে। তবে চেকপোস্টে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো।

সকালে যাত্রাবাড়ীতে রিকশা আর ভ্যানে করে মানুষ নিজের গন্তব্যে যাচ্ছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী। একই চিত্র বাসাবো ও মানিকনগর এলাকার। এখানকার অধিকাংশ কর্মজীবী মানুষ মতিঝিলের বিভিন্ন অফিস চাকরি করেন। এসব এলাকায় রিকশা ও ভ্যানের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও দেখা গেছে। সকাল থেকে নগরীর ফকিরাপুল, রাজারবাগ, মালিবাগ, চৌধুরী পাড়া, বাড্ডা, দৈনিক বাংলা, বাংলা মোটর, কারওয়ান বাজার, মগবাজারসহ বিভিন্ন এলাকাতেও এমন চিত্র দেখা গেছে।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতার ও জরিমানা করা হচ্ছে। এছাড়া জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে, তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।

ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ৬ষ্ঠ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্টে ৩০৫ জনকে ২ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১০৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের শুরুতে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জন, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিনে ৬১৮ জন, পঞ্চম দিনে ৫০৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অন্যান্য বাহিনীর সঙ্গে র‌্যাবও মাঠে কাজ করছে। রাজধানীতে বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়াতে যাওয়ায় সর্বাত্মক লকডাউনের নির্দেশনা জারি করে সরকার। ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর লকডাউন।

এমবি