গভীর রাতে স্বপ্নে দেখেন, দেবি মনষা তাকে সোনার অনেকগুলো মোহর উপহার দিচ্ছে! কিন্তু সে তা নিজের হাত দিয়ে ধরে রাখতে পারছে না।
আর তাই আক্ষেপ সইতে না পেরে ঘরে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে নিজের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছেন ফোরকান হাওলাদার (৩৫) নামে এক রিকশা চালক।
মঙ্গলবার দুপর ১২টার দিকে ঝালকাঠি সদর উপজেলায় শহরের কৃষ্ণকাঠ এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
ফোরকান ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারে ছেলে।
আহতের স্বজনরা জানান, রাতে স্বপ্নের ওই ঘটনার কথা সকালে পরিবারের সবার কাছে জানান ফোরকান। পরে দুপুরে আক্ষেপে এ কাণ্ড ঘটালে ফোরকানকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ঈমাম হোসেন জুয়েল জানান, কব্জি বিচ্ছিন্ন হওয়ায় তার হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





