তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল সোমবার ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তিতাস গ্যাসের সাভার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে আশুলিয়ার জামগড়া, চিত্রশাইল ও দিয়াখালি গ্রামে সাড়ে চার কিলোমিটার অবৈধ পাইপলাইন স্থাপন করেন। এরপর তাঁরা ৪০ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গ্যাস-সংযোগ দেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তিতাস কর্তৃপক্ষ গতকাল পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তারা চিত্রশাইল গ্রামের চারটি স্থান থেকে অবৈধভাবে বসানো ২ হাজার ৩০০ ফুট পাইপলাইন অপসারণ করে। এতে ওই এলাকার প্রায় চার হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়।

এলাকার বৈধ কয়েকজন গ্রাহক বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ মাঝেমধ্যে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ পাইপলাইন অপসারণে অভিযান চালায়। কিন্তু কয়েক মাস পর আবার অবৈধ পাইপলাইন বসানো হয়। ফলে তাঁদের এলাকায় গ্যাসের চাপ কমে যায়।

তিতাস গ্যাসের সাভার কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল জামগড়া, দিয়াখালি ও চিত্রশাইল এলাকায় অবৈধ গ্যাসলাইন অপসারণে অভিযান চালানো হয়। পর্যায়ক্রমে অন্য এলাকাতেও অভিযান চালানো হবে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।

এম এ