আমরা আপনাদের জন্য আছি। আমরা আপনাদের জন্য কাজ করছি। চট্টগ্রাম মহানগরের মানুষকে নিরাপত্তা দেয়াই আমার প্রথম কাজ। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য যা করা দরকার আমি তা করব।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার ইকবাল বাহার একথা বলেছেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি পদ থেকে বদলি হয়ে ইকবাল বাহার রোববার সকালে সিএমপিতে কর্মস্থলে যোগ দেন। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিএমপির এই শীর্ষ কর্মকর্তা।
বিকেল সাড়ে তিনটায় সিএমপি কমিশনার ইকবাল বাহারের সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।
ইকবাল বাহার আরও বলেন, চট্টগ্রাম মহানগরবাসীকে আশ্বস্ত করতে হবে যে আমরা তাদের সঙ্গে আছি। তাদের সেবা করাই আমাদের কাম্য।
রোববার নবনিযুক্ত পুলিশ কমিশনার ইকবাল বাহার কর্মস্থলে যোগ দিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ পরিচিতিমূলক একটি বৈঠক করেন।
গত ২৩ মার্চ আবদুল জলিল মন্ডলকে র্যা বের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করে তার স্থলে ইকবাল বাহারকে চট্টগ্রামের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৯৮৯ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন ইকবাল বাহার। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের ডিআইজি প্রশাসন, টেলিকম ও রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও ঢাকা ও যশোর জেলার পুলিশ সুপার হিসেবেও ইকবাল বাহার দায়িত্ব পালন করেছেন।
এইচ ই





