জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর সাজার প্রতিবাদে এবং এই রায় প্রত্যাখান করে বিক্ষোভ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি শুক্রবার খাগড়াছড়ি জেলা শহরের মিল্লাত চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আগামী পাঁচ দিনের মধ্যে নিঃশর্ত মুক্তি না দিলে টানা সড়ক অবরোধ ঘোষণা করে সারা দেশ খাগড়াছড়ি থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছাড়ি জেলা বিএনপির সহ-সভাপতি অনিমেষ দেওয়ান চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ প্রমুখ।
সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মুসলিম উদ্দিন, বেলাল হোসেন বেলাল, ও জেলা মহিলা দলের সাধারণ সম্পদিকা কোহেল দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠণের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ঘোষিত রায় ঘোষণাকে কেন্দ্র করে বিগত কয়েক দিনে খাগড়াছড়িতে বিএনপির ৪৪ নেতা-কর্মীকে আটক করা হয়।
আ.বকর/এএস





