লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ শনিবার ভোরে উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ শকচর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশের ধারণা, নিহত আরিফ ডাকাত দলের সদস্য। নিহত আরিফ শকচর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার শাকচর এলাকায় দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এতে তাদের দুই সদস্য আহত হন।
এ সময় জীবন বাঁচাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া।
এএস





