লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আরিফ (৫০) নামে মাদ্রাসার এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এঘটনায় এলাকাবাসী একই এলকার খোকন মিয়ার বখাটে ছেলে মিঠুনকে (২২) পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।
বুধবার দুপুরে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিন কেরায়া গ্রামের মোল্লার হাট এলাকা সংলগ্ন আনোয়ার উল্যা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরিফ ওই এলাকার আলী আহম্মদ ছেরাঙ্গের ছেলে ও পীর ফজলুল্লা ইসলামী মিশন দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।
এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদি হয়ে মিঠুনসহ তিনজনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এলাকাবাসী জানায়, আলী আহম্মদ ছেরাং প্রায় ১০ বছর আগে ১৪ শতাংশ জমি থানার লাশ বহনকারি ডোম আব্দুল্লার ছেলে খোকনের কাছে বিক্রি করেন।
বুধবার সকালে খোকন ক্রয়কৃত জমির বেশি জায়গা দখল করে বাড়ি সংস্কার কাজ শুরু করে। জানতে পেরে আলী আহম্মদ সংস্কার কাজে বাধা দিলে খোকন ও তার ছেলে মিঠুন তাকে বেদম মারধর শুরু করে।
এ সময় বাবা আলী আহম্মদকে বাঁচাতে এগিয়ে আসলে ছেলে আরিফকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে।
পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে আরিফ মারা যান।
নিহত আরিফের স্ত্রী বলেন, সংসারের একমাত্র উপার্জনকারী স্বামীকে সবার মামনে ঘাতকরা পিটিয়ে খুন করল। আমি স্বামী হত্যার বিচার চাই।
আটক মিঠুন বলেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে সংস্কার কাজে করছিলাম। আরিফের পিতা বাধা দেয়ায় ঝগড়া হয়েছে। আমি আরিফকে হত্যা করিনি।
রায়পুর থানার ওসি (তদন্ত) ফজলুল হক বলেন, নৈশ প্রহরী আরিফ হত্যার ঘটনায় তার স্ত্রী কমিনুর বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ মিঠুন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এমআর





