আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তদন্তে প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের নিশ্চয়ই বিচার হবে।
আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী মি. উপেন্দ্র ইয়াদে এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমি এখনো এই তালিকা হাতে পাইনি। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত সংস্থা তদন্ত করে দেখবে যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারের মুখোমুখি করা উচিত। তারা যদি তদন্ত করে অপরাধ সংঘটনের প্রমাণাদি পায়, নিশ্চই তালিকাভুক্ত রাজাকারদের বিচার হবে।
এর আগে রোববার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকার-আলবদর ও আল শামসের তালিকার এটি প্রথম পর্ব।
মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য থেকে এই তালিকা করা হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় অনেক রাজাকার-আলবদর-আল শামসকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
এএস





