অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এখন যে বাংলাদেশ, এটা আট বছর আগের বাংলাদেশ নয়। যে বাংলাদেশে আট বছর আগেও ৩০ শতাংশ দারিদ্র্য ছিল। এখন বাংলাদেশে দারিদ্র্য নেই। যারা আছে তারা সরকারের সহযোগিতা পাচ্ছে।
তিনি বলেন, এ দেশে জনকল্যাণকর রাষ্ট্র ছিল, জনকল্যাণকর দল ছিল। এটাও একটা বিষয় যে, কোনো সরকারই এর আগে পুরোপুরি সফল হয়নি দারিদ্র্য বিমোচনে। আগামী তিন বছরে আমরা দারিদ্র্য পুরোপুরি দূর করতে সক্ষম হব।
রোববারদুপুরেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফের রোশনীমহলে জাল ও নকল প্রতিরোধ শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, আমরা আজ শোকের মাস পালন করছি। এটা কার জন্য? এটা তারই জন্য যিনি আমাদের একটি দেশ দিয়েছেন, একটি মানচিত্র দিয়েছেন। তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জাতীয় রাজস্ব বোর্ড ও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের যৌথ আয়োজনে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের ট্রেজারার জুনকো ইয়ামা মেতো।
ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের তিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে পরিচালিত কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্থ দপ্তরসমূহ এবং অন্যান্য দপ্তরের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, মংলা, বেনাপোল কাস্টমসের ৩৬ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কর্মশালাটি ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে।
কেএইচ





