বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘২০১৯ সালে আমাদের মোট ৫৫০ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এদের ভেতরে দায়িত্বরত অবস্থায় নিহত হয়েছেন ১৭৯ জন। আগে এক সময় এই মৃত্যুর হার কম ছিল। এখন সেই সংখ্যা বাড়ছে।’

আজ রোববার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশপ্রধান এসব কথা বলেন।

ড. জাবেদ পাটোয়ারী বলেন, ‘সন্ত্রাস দমন করতে গিয়ে আমাদের মোট ১৯ জন সদস্য নিহত হয়েছেন। জঙ্গিবাদ দমন করতে গিয়ে আমাদের ৯ জন সদস্য জীবন দিয়েছেন। এ ছাড়া মুক্তিযুদ্ধে আমাদের অনেক সদস্য প্রাণদান করেছেন। আজকে আমরা সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দেশের জন্য তাদের এই ত্যাগ বাংলাদেশ পুলিশ সব সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’

জাবেদ পাটোয়ারী আরো বলেন, ‘ইতিমধ্যে নিহত পুলিশ সদস্যদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশের সব স্থাপনা তাঁদের নামে নামকরণ করা হবে।’

অনুষ্ঠানে উপস্থিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ‘প্রত্যেকটি মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। নিহত পুলিশ সদস্যদের পরিবারের ওপর যে আর্থিক বা সামাজিক বিপর্যয় নেমে আসে সেটা কিন্তু খুবই কষ্টের। যা বছরে একদিন স্মরণ করে কিছুই হয় না। আমাদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমিয়ে নিয়ে আসতে হবে।’

বেনজীর আহমেদ আরো বলেন, ‘নব্বই দশকে বছরে মারা যেত ৩০ থেকে ৪০ জন পুলিশ। এখন আমাদের বাহিনীর কাজ বেড়েছে, বাহিনীর সদস্য বেড়েছে। একই সঙ্গে মৃত্যুর মিছিল বেড়ে হয়েছে বছরে ১৮০ জন। আমরা মনে করি এই মৃত্যুর মিছিলের কারণ হচ্ছে ওয়ার্ক ইনভায়ারমেন্ট। একই সঙ্গে পুলিশের লাইফ স্টাইল। আমারে মনে হয় এখানে আমাদের অনেক কিছু করার আছে। রাষ্ট্রেরও অনেক কিছু করার আছে।’

 ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ উপলক্ষে ১৭৯ পুলিশ সদস্যের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন জাবেদ পাটোয়ারী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

এমআর