ন্যায্যমূল্য নিশ্চিতে চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দরে ৬ লাখ টন আমন ধান কিনবে সরকার।
একই সঙ্গে ৩৬ টাকা দরে সাড়ে ৩ লাখ টন চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান।
আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়ে তা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বরের মধ্যে কৃষকদের তালিকা ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, তারপর যাচাই করে তা চূড়ান্ত করা হবে। যদি কৃষকের সংখ্যা বেড়ে যায় তখন লটারির মাধ্যমে কৃষকদের তালিকা তৈরি করা হবে। লটারির মাধ্যমে বাদ পড়া কৃষকরা বোরো মৌসুমে অগ্রাধিকার পাবেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, এ বছর এক কোটি ৫৩ লাখ টনের বেশি আমন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতিকেজি আমন ধান উৎপাদনে খরচ পড়েছে ২১ টাকা।
এদিকে সভায় অর্থ ও বাণিজ্যমন্ত্রী এবং মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না।
এএস





