সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামিকে ৫দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরীফুল ইসলাম এ আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।

৬ আসামি হলেন- শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজলো আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম এবং মানিক।

এর আগে ৭ ফেব্রুয়ারি শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম মেয়র মীরুসহ ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

১৩ ফেব্রুয়ারি মেয়র মীরুসহ ৬ আসামির ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি উপজলো ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় ওইদনি রাতে নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরু, তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  এরই মধ্যে এ মামলার প্রধান আসামি মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ নয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এমবি