শার্শা থানা পুলিশের 'আটক বাণিজ্য' তুঙ্গে। পুলিশের এমন কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এলাকার সচেতন জনগণ।
একাধিক সূত্র থেকে জানা যায়, নাভারণে বাসে পেট্রলবোমা হামলার আসামী ও কুখ্যাত চোরাকারবারী কাজীরবেড় গ্রামের সাখাওয়াত হোসেনকে গত ২৫ এপ্রিল শার্শা থানা পুলিশের এসআই আজগর আটকের পর থানায় না নিয়ে বিশেষ এক সাংবাদিকের তদবিরে নগদ ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
একই দিনে দক্ষিণ বুরুজ বাগান গ্রামের চিহ্নিত মাদকের আড়ৎদার জয়নালের ছেলে আব্দুর রহমানকে (বাপ্পি) আটক করে ৫৫ হাজার টাকার বিশেষ চুক্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেয় এসআই আজগর।
গত ১২ এপ্রিল শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুলের ভাগ্নি রুকু নামের এক নারীকে গাজাসহ আটক করে ১০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশের ওই কর্মমর্ত।
গত ২২ এপ্রিল বাগআাঁচড়ার সাতমাইল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হামিদের স্ত্রী জোহরা খাতুনকে বিপুল পরিমান ইয়াবাসহ আটক করে নগদ ৭০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় এসআই আজগর।
৩০ এপ্রিল সাতক্ষীরা মোড় থেকে বিএনপি কর্মী হাবিব নামে এক যুবককে আটক করে ১০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় এসআই আজগর। একই দিনে নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের নিজ বাড়ী থেকে ওলিয়ার রহমানের ছেলে সন্ত্রাসী আলমগীর হোসেন টিপুকে নগদ ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
শার্শা থানায় এসআই আজগর যোগদানের তিনদিন পর কুখ্যাত মাদক সম্রাট আয়নালের ম্যানেজার ইদ্রিসকে ইয়াবাসহ আটক করে ৬৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়।
মাদক ব্যবসায়ী, কুখ্যাত সন্ত্রাসী ও নাশকতাকারীদের আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ায় শার্শায় জনমনে ক্ষোভ বেড়েই চলেছে।
এসআই আজগরের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকার সচেতন মহল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন বলে অপর একটি সূত্রে জানা গেছে।
সম্প্রতি বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় তার কর্মকাণ্ডের বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে শার্শা থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, এসআই আজগরের কর্মকাণ্ডের ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে এবং তার বিপক্ষে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ও তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে তিনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ





