ফরিদপুর জেলার ভাংগা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোসলেম মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও আক্কাস মিয়ার সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরে বাক-বিতণ্ডা চলছিল। মহিউদ্দিনের লোকজন আক্কাস মিয়ার সমর্থকদের ভোট চাইতে গেলে তাদের বাধা প্রদান করা হচ্ছিল।
শুক্রবার রাতে আক্কাস মিয়ার সমর্থক মোসলেম মিয়া ভোট চাইতে গেলে তাতে বাধা প্রদান করে মহিউদ্দিনের সমর্থকেরা। এ নিয়ে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আক্কাসের সমর্থক মোসলেম মিয়াকে বেদমভাবে প্রহার করা হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই ঘটনার পর এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাংগা থানা পুলিশ জানিয়েছে, আর যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এমই





