ঝিনাইদহের হলিধানী বাজার প্রতাবপুর গ্রামে পুলিশ পরিচয়ে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া কৃষক করম আলীর ৬দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কৃষক মৃত হাকিম আলীর ছেলে। ৪ ডিসেম্বর রবিবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে দাবি পরিবারের।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে করম আলী নিজের বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় ৫/৭ জন সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে সাদা গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কৃষকের বড় ভাই আবুল কাশেম জানিয়েছেন, বাসার ভিতরে ৫/৭ জন লোক এসে বলে আমরা পুলিশের লোক, তোর ভাইকে আমরা নিয়ে যাচ্ছি থানাই এসে দেখা কর। এ কথা বলে দূরে রাখা সাদা গাড়ীতে তাকে উঠিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, সাদা পোশাকে কে বা কারা করম আলীকে তুলি নিয়ে গেছে এবিষয়ে কিছু জানা নাই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তারেক/নাজিব





