মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে বিজয়ী মেম্বার এবং পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ এবং ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচন নিয়ে মঘি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্ব‍ার শওকত হোসেনের সঙ্গে পরাজিত প্রার্থী বেলাল হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের একপর্যায়ে মঙ্গলবার রাতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে বুধবার সকাল ১১টার দিকে দু’পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ১০ জন আহত হয় এবং ১৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬০ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুলিশের গুলিতে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জাহিদুল ইসলাম নামে এক এলাকাবাসী জানান, পুলিশী গ্রেফতারের ভয়ে আহতরা মাগুরা হাসপাতালে ভর্তি না হয়ে গ্রাম চিকিৎসক ও অন্য জেলায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

ওএফ