প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা আগামী ২২ নভেম্বর শুরু হবে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় এ তথ্য জানান।
তিনি বলেন, সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষার ফি ঠিক করা হয়েছে ৬০ টাকা।
গত বছর ২৩ নভেম্বর থেকে এবং ২০১৩ সালে ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল।
রবীন্দ্রনাথ জানান, এবারও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে।
প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেওয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল দেওয়া হচ্ছে।
আগে এ পরীক্ষার সময় দুই ঘণ্টা থাকলেও ২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধ ঘণ্টা বাড়িয়ে আড়া্ই ঘণ্টা করা হয়।
পরীক্ষার সময়সূচি:
প্রাথমিক সমাপনীতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৫ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৬ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইবতেদায়িতে ২২ নভেম্বর ইংরেজি, ২৩ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৫ নভেম্বর আরবি, ২৬ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকাহ্, ২৯ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএইচ





