বখাটে ছেলের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন এক হতভাগা বাবা। নিহত বাবার নাম আব্বাস আলী (৬০)বলে জানা যায়।
বেকার ও বখে যাওয়া ছেলেকে টাকা না দেওয়ায় ঘুমন্ত বাবার শরীরে আগুন ধরিয়ে দেয় দিদারুল আলম (২৩)।
শনিবার দিনগত রাত ২টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুরের ফিরোজপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ আব্বাস আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে রোববার সকালে তার মৃত্যু হয়।
মৃত আব্বাস আলীর আত্মীয় আবুল হোসেন জানান, আব্বাস আলী গ্রামের সহজ সরল মানুষ। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ২ ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে দিদারুল আলম।
তিনি বলেন, দিদারুল বখাটে ও বেকার। বিভিন্ন সময় বাবার কাছ থেকেই টাকা-পয়সা নিত সে। টাকা না দিলে অশোভন আচরণ করতো।
শনিবার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানায় তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে রাত ২টার দিকে ঘরে ঘুমন্ত বাবার শরীরে আগুন ধরিয়ে দেয় এই দিদারুল।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে গাজীটুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, আগুনে আব্বাসের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।
ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. রহিমা আকতার বলেন, সকাল ৭টার দিকে চিকিৎসাধীন আব্বাসের মৃত্যু হয়।
এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





