নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় জেলা জামায়াত ও শহর আমিরসহ ১৫ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসরাত জাহান মুন্নি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকালে শহরের চকরামপুর এলাকায় জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতের জেলা ও শহর আমিরসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নাটোর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান সুইট বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন জানালে বিচারক না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেআই