কুমিল্লার লাকসামে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক ও এক অজ্ঞাত মহিলা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি ও বাসের আরো অন্তত ১০ যাত্রী।

 শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ সড়কের চিকোনিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুদ্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটি ব্যাপক ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ সড়কের চিকোনিয়া এলাকায় কুমিল্লাগামী বোগদাদ এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক জহিরুল ইসলাম (২৬) ও অজ্ঞাতপরিচয় এক মহিলা যাত্রী নিহত হয়। এসময় সিএনজির ৪ যাত্রীসহ বাসের অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়। এদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদেরকে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কটি অবরোধ করে বাসটি আটক করে ব্যাপক ভাঙচুর চালায়। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি উদ্ধার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বাক্কার খাঁন।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই