পাবনায় একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঐ পরিবারেরই সদস্য বড় ছেলে তুহিনের বিরুদ্ধে।
বুধবার ভোর ৪ টায় পাবনার বেড়া উপজেলায় মা, ছোটভাই ও খালাকে কুপিয়ে হত্যার এ অভিযোগ উঠে।
উপজেলার সোনাপদ্মা তারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিঠু শেখের স্ত্রী ঘাতকের মা বুলি বেগম (৪০), ছোটভাই তুষার (১০) ও খালা মরিয়ম খাতুন (৫০)।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাতে খাবার খেয়ে একই ঘরে মা, ছোট ছেলে ও খালা ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তুহিন ও তার স্ত্রী রুনা। ভোর ৪টার দিকে হঠাৎ পাশের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করে তুহিন। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।
নেশার টাকা না পাওয়ায় তুহিন এ হত্যাকাণ্ড করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হলেও তুহিনের স্ত্রীর অভিযোগ, তুহিন গত দুই মাস থেকে তার স্বামী টাইফয়েট রোগে ভুগছিলেন। এ থেকে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন।
এ ছাড়া পারিবারিক সমস্যার কারণেও এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
সর্বশেষ নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
জেড





