রাজধানী ঢাকা ও যশোরে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতের দুজনই মাদক ব্যবসায়ি বলে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি।
ঢাকা:
রাজধানীর শ্যামলীতে মাদক উদ্ধার অভিযানে র্যাবের সঙ্গে গোলাগুলিতে মেহেদী (৩২) নামে এক চোরাকারবারি নিহত হয়েছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেহেদীর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।
এ সময় গোলাগুলিতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর:
এদিকে যশোরের শার্শা উপজেলার উলাশি কুঁচেমোড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক মাদক চোরাকারবারি (২৬) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশের দাবি, দুই দল মাদক চোরাকারবারির মধ্যে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। শার্শা থানার এসআই আবুল হাসান জানান, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে কুঁচেমোড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এছাড়া দুই কেজি গাঁজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে মাদক ‘চোরাকারবারিদের’ অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই মাদক চোরাকারবারি নিহত হয়েছে।
জেড





