জমকালো আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য (শান্তি) চুক্তির ২২ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদ ও সেনা রিজিয়নের যৌথ উদ্যোগে আজ সোমবার সকালে পরিষদ প্রাঙ্গণে ২২টি চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।
জেলা পরিষদ প্রাঙ্গণে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্ণেল নাজিম উদ্দিন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য জাহেদুল আলম, অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খগেশ^র ত্রিপুরা, জুয়েল চাকমা, শতরূপা চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর একটি শোভাযাত্রাসহ শহর প্রদক্ষিণ করে টাউন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষ বিভিন্ন বর্ণিল পোশাকে অংশ নেন।
টাউন হল চত্বরে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তরিকতার বিকল্প নেই। পাহাড়কে শান্তির জনপদ গড়ে হিসেবে গড়ে তুলতে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তৃতীয়পক্ষের সমঝোতা ছাড়াই ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়েছে।
এএইচ





