খায়রুল ইসলাম ওরফে কান্নু (১৪) নামের এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত মধ্যরাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৯টায় দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খায়রুল ইসলাম উপজেলার রায়নগর গ্রামের নুরুল ইসলাম ওরফে লুলু মিয়ার ছেলে।

নিহত খায়রুল পেশায় দিনমজুর। ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করে জীবিকা নির্বাহ করতো। 

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ জানান, সোমবার রাতে জলসা শেষে আনুমানিক রাত একটার দিকে বাড়ি ফিরছিলেন খায়রুল।

এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মঙ্গলবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন পুলিশ। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে একটি টাচ মোবাইল সেট কিনেছেন খায়রুল।

জলসা শেষে দুর্বৃত্তরা সেটটি কেড়ে নেওয়ার চেষ্টার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

এমকে