সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে গুলি করে বিকাশ এজেন্টের কাছ থেকে ২৪ লাখ টাকা নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ছিনতাই ঘটে। গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিকাশের নারায়ণগঞ্জ এজেন্ট জামাল অ্যান্ড কোং এর ম্যানেজার পারভেজ রেজা জানান, বিকাশের এসআর আরিফ হোসেন আবুল ও বিকাশ কর্মী আকতার মাহমুদ একটি মটরসাইকেল যোগে টাকা কালেকশন করতে সিদ্ধিরগঞ্জে যায়। দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় পৌছলে ৩টি মোটর সাইকেল যোগে আসা সাতজন ছিনতাইকারী আবুলের ডান পায়ে গুলি করে। এসময় ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে প্রায় ২৪ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শিমরাইলের সাজেদা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান ছিনতাই ঘটনার কথা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ