কালীগঞ্জ উপজেলায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করেছে এলাকাবাসী। এসময় হামলাকারীরা তিনটি গাড়িতে ভাঙচুর করে। এতে গাড়ির চালকসহ অভিযানে অংশ নেয়া ছয় জন আহত হন।

বুধবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে জনতার বাধার মুখে অভিযান না চালিয়েই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকা ত্যাগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজেন ব্যানার্জী  জানান, কালীগঞ্জের বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাসের টঙ্গী অফিসের ম্যানেজার মো. আব্দুল আহাদ  জানান, তিতাসের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গেলে অবৈধ সংযোগ গ্রহণকারীরা লাঠিসোটা নিয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এক পর্যায়ে হামলা চালিয়ে একটি পিকআপ, একটি মাইক্রোবাস ও ট্রাকে ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় ট্রাকের চালকসহ ছয় জন শ্রমিক আহত হন।

পরে কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অভিযান পরিচালনা না করেই তারা এলাকা ত্যাগ করেন বলেও জানান তিনি।

জেআই